নিউজ প্রবাসী ডেক্স :

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশ্বের অন্যতম বড় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনার কাছে আগুন ও ধোঁয়ার কুণ্ডুলি দেখা গেছে। শনিবার এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

তবে আগুনের কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোনো বক্তব্য দেয়নি। আরামকোর কাছ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি।

সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে চলমান সংঘাতের উত্তেজনার মধ্যেই রিয়াদে আগুনের এ ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা বাড়িয়েছে। তবে রিয়াদের এই আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ দায় স্বীকার করেনি।

গত সপ্তাহে হুতিরা দাবি করেছিল, তারা ইয়ানবুতে আরামকোর একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। সৌদি কর্তৃপক্ষ তখন জানায়, ইয়ানবু ও তায়িফের দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে আরামকোর স্থাপনায় ক্ষয়ক্ষতির কথা জানানো হয়নি।

এদিকে সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত হুতিদের হামলায় দেশটির বিভিন্ন স্থাপনা ও বেসামরিক সম্পদের ক্ষতি হয়েছে এবং অন্তত একজন আহত হয়েছেন।

সৌদি সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, প্রতিহত করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে আসির প্রদেশে এক এশীয় নাগরিক আহত হন। এতে একটি মসজিদ ও কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া নাজরানের একটি স্কুল ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ভবন ও আশপাশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts