
নিউজ প্রবাসী ডেক্স :
ফতুল্লা এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।
বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির কক্ষে এ দুর্ঘটনা ঘটে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, আহতদের মধ্যে প্রাঞ্জল ও জাহানারা নামে দুই শিক্ষার্থীর পরিচয় পাওয়া গেছে। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার সময় উপস্থিত এক প্রাক্তন শিক্ষার্থী জানান, তিনি ক্লাসরুমে ঢোকার কিছুক্ষণের মধ্যেই ফ্যানটি হঠাৎ খুলে পড়ে। তার ভাষায়, “কারও মাথায় সরাসরি না পড়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে, তবে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।”
আরেকজন স্থানীয় ব্যক্তি জানান, বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত নতুন ভবন নির্মাণ না করলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, পুরনো ও জরাজীর্ণ ভবনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করা হয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।