
নিউজ প্রবাসী ডেক্স :
টানা ভারি বর্ষণ ও জোয়ারের প্রভাবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হওয়ায় নগরবাসীকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে। মঙ্গলবার সকালেও বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতির আরও অবনতি ঘটে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩০.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অতিবৃষ্টির কারণে আগ্রাবাদ, সিডিএ আবাসিক এলাকা, কাতালগঞ্জ, পাঁচলাইশ, কাপাসগোলা, চকবাজার, হালিশহর, রামপুর, তিন পোলের মাথা ও বাটালি রোডসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।
জলাবদ্ধতার কারণে সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। রিকশা ছাড়া অধিকাংশ যানবাহনের উপস্থিতি ছিল কম। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, টানা প্রায় ৪৮ ঘণ্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমেছে। তবে প্রবর্তক মোড়, বহদ্দারহাট, মুরাদপুর ও বাকলিয়া এলাকায় পানি দ্রুত নেমে গেছে। তিনি বলেন, চলমান খাল সংস্কার প্রকল্পের অবশিষ্ট কাজ শেষ হলে জলাবদ্ধতা আরও কমে আসবে।
সিটি করপোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা জানান, অতিবৃষ্টি ও জোয়ার একসঙ্গে হওয়ায় পরিস্থিতি জটিল হয়েছে। পানি দ্রুত অপসারণে রাতভর বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করেছেন এবং এখনও কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে ভারি বর্ষণের কারণে লালখান বাজার এলাকায় কয়েকটি বড় গাছ উপড়ে পড়ে এবং বিমানবন্দর সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।