
নিউজ প্রবাসী ডেক্স :
সাভারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ‘জুলাই পদযাত্রা’ পরবর্তী সমাবেশে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে এনসিপির সমাবেশ চলাকালে মঞ্চের সামনে হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে তিনজন নেতাকর্মী আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নেতারা সমাবেশস্থলে পৌঁছানোর পর হঠাৎ বিদ্যুৎ চলে যায়। পরে জেনারেটরের মাধ্যমে অনুষ্ঠান চালানো হলেও কিছুক্ষণ পর মঞ্চের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনার সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বিস্ফোরণের পর তারা নেতাকর্মীদের নিয়ে সাভার মডেল থানায় যান।
এদিকে ঘটনার সুষ্ঠু তদন্তে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান এবং সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ।
পুলিশ জানিয়েছে, সমাবেশ চলাকালে বিদ্যুৎ বিভ্রাট এবং বিস্ফোরণের ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।