
নিউজ প্রবাসী ডেক্স :
পার্বত্য জেলা আলীকদম-এর সংরক্ষিত ‘পাড়াবন’ এলাকায় ব্যাপকভাবে গাছ কাটার অভিযোগ উঠেছে। শুধু গাছ নিধনই নয়, কাঠ পরিবহনের জন্য পাহাড় কেটে তৈরি করা হয়েছে গোপন সড়ক, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডিম পাহাড় এলাকার ‘ব্যাঙঝিরি’ অঞ্চলে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটারজুড়ে বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে। কাটা গাছ স্তূপ করে রাখা হচ্ছে এবং পরে ট্রাকে করে সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ঝিরির পাশ দিয়ে পাহাড় কেটে গাড়ি চলাচলের রাস্তা তৈরি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই এই বন উজাড় চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ঝিরির পানির প্রবাহ কমে গেছে এবং আশপাশের কয়েকটি পাড়া ইতোমধ্যে পানি সংকটে পড়েছে।
ঘটনার সঙ্গে জড়িত হিসেবে কয়েকজন কাঠ ব্যবসায়ীর নাম উঠে এলেও তারা সরাসরি গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, তারা কেবল লাকড়ি সংগ্রহ করেছেন। তবে শ্রমিকদের বক্তব্যে গাছ কাটার বিষয়টি স্পষ্ট হয়েছে।
পরিবেশবাদীরা বলছেন, সংরক্ষিত পাড়াবনে এ ধরনের নির্বিচার গাছ কাটা শুধু আইন লঙ্ঘন নয়, বরং জলবায়ু ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। তাদের মতে, বনবিভাগের কার্যকর নজরদারির অভাবেই এমন ঘটনা ঘটছে।
এদিকে বনবিভাগ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং খুব দ্রুত যৌথ অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।