নিউজ প্রবাসী ডেক্স :

দেশের পাঁচটি প্রধান স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে ধাপে ধাপে আয়োজনের পরিকল্পনা করছে সরকার। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে এসব নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বর্ষা মৌসুম শেষ হওয়ার পর নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। কারণ বাংলাদেশে নির্বাচন সাধারণত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং স্থানীয় সরকার নির্বাচন আরও বেশি অংশগ্রহণমূলক হয়ে থাকে।
তিনি আরও বলেন, কোন নির্বাচন আগে বা পরে হবে তা নির্ভর করবে বাজেট প্রাপ্তির ওপর। যেসব নির্বাচনে বেশি অর্থের প্রয়োজন হবে, সেগুলো পরবর্তী ধাপে আয়োজন করা হতে পারে।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচন এখনও চূড়ান্ত হয়নি। যেহেতু নির্বাচন দলীয় প্রতীকে হবে না, তাই কিছু বিধিবিধান সংস্কারের কাজ চলছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, নির্বাচন আয়োজনের সম্ভাব্য ব্যয় নির্ধারণে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হবে। বাজেট অনুমোদনের পর নির্বাচন কমিশন, অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সমন্বয়ে তফসিল ঘোষণা ও অন্যান্য প্রস্তুতি এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, এই সময়ের মধ্যেই দেশের ১৩টি সিটি করপোরেশন নির্বাচনও অনুষ্ঠিত হতে পারে।
বিএনপির নির্বাচনী প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে হবে না, তাই দলের নেতাকর্মীরা স্বতন্ত্রভাবেই অংশ নেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts