নিউজ প্রবাসী ডেক্স :

ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জুমার নামাজের পর জড়ো হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশের দাবি, তারা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ‘শপথ’ ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।
শুক্রবার বিকালে ধানমন্ডি থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের জেলা-উপজেলা পর্যায়ের কয়েকজন নেতাও রয়েছেন। তাদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।
পুলিশ জানায়, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ধানমন্ডি এলাকায় অতিরিক্ত টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘শিগগিরই দেশে ফিরবেন’ বলে মন্তব্য করেন। এর মধ্যেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগাস্ট গণআন্দোলনের মুখে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরে অন্তর্বর্তী সরকার গঠনের পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা গ্রেপ্তার হন, আর অনেকে আত্মগোপনে বা বিদেশে চলে যান। বর্তমানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাসহ কয়েকজন নেতার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts