
নিউজ প্রবাসী ডেক্স :
ঘরের মাঠে ৮৭ হাজারের বেশি দর্শকের সমর্থন পেয়েও বিশ্বকাপের শেষ ষোলোর বাধা পেরোতে পারল না মেক্সিকো। ঘটনাবহুল ম্যাচে এক লাল কার্ডের পর দীর্ঘ সময় ১০ জন নিয়ে খেলেও দারুণ লড়াই করে ৩-২ গোলে জয় তুলে নিয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।
মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে স্বাগতিকরা আধিপত্য দেখালেও ৩৭ ও ৩৮তম মিনিটে টানা দুই গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন জুড বেলিংহ্যাম। প্রথমার্ধের শেষ দিকে হুলিয়ান কিনোনেস একটি গোল শোধ করে মেক্সিকোকে ম্যাচে ফেরান।
দ্বিতীয়ার্ধে ৫৪তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইংলিশ ডিফেন্ডার জ্যারেল কুয়ান্সা। একজন কম নিয়ে খেললেও ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে হ্যারি কেইন ব্যবধান বাড়ান। পরে রাউল হিমেনেসও পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন।
শেষ দিকে মেক্সিকো একের পর এক আক্রমণ চালালেও ইংল্যান্ডের দৃঢ় রক্ষণ ও গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের নৈপুণ্যে আর সমতা ফেরাতে পারেনি। যোগ করা দীর্ঘ সময়ও স্বাগতিকদের সব চেষ্টা ব্যর্থ করে জয় নিশ্চিত করে টমাস টুখেলের শিষ্যরা।
এই জয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছে ইংল্যান্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে ব্রাজিলকে বিদায় করে দেওয়া নরওয়ে।