নিউজ প্রবাসী ডেক্স :

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নরওয়ের জয়ের নায়ক ছিলেন তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড। দ্বিতীয়ার্ধে মাত্র ১১ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে তিনি ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দেন।
ম্যাচের শুরুতেই পেনাল্টি পেয়েও এগিয়ে যেতে পারেনি ব্রাজিল। ব্রুনো গিমারাইসের স্পট কিক দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক আরিয়ান হশল নিলাদ। এরপর পুরো ম্যাচে একাধিক অসাধারণ সেভ করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ালেও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। ৭৯তম মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের ক্রস থেকে হেডে গোল করে নরওয়েকে এগিয়ে দেন হলান্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে দূরপাল্লার জোরালো শটে নিজের দ্বিতীয় গোল করে ব্রাজিলের বিদায়ের ঘণ্টা বাজিয়ে দেন তিনি।
যোগ করা সময়ের একেবারে শেষদিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার। তবে সেটি শুধুই ব্যবধান কমিয়েছে, ম্যাচের ফল বদলাতে পারেনি।
এই জয়ে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নিল নরওয়ে। অন্যদিকে টানা সপ্তমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপের কোনো দলের কাছে হেরে বিদায় নিল ব্রাজিল।
জাতীয় দলের হয়ে টানা ১৪টি প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন হলান্ড। চলতি বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে সাতে, ফলে গোল্ডেন বুটের লড়াইয়ে তিনি কিলিয়ান এমবাপে ও লিওনেল মেসির সমকক্ষ হয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts