নিউজ প্রবাসী ডেক্সঃ

রাজধানীর মধ্য বাড্ডায় সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা আফরোজা সুলতানাকে হত্যার ঘটনায় গাড়িচালক হৃদয় বেপারী ওরফে হৃদয় মিঞাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈন চৌধুরী এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী গোলাম নবী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ১৩ মার্চ মধ্য বাড্ডার একটি ফ্ল্যাটে আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যা করা হয়। তিনি সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের এমআইএস বিভাগের ডেপুটি ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার পরদিন নিহতের ভাই মো. আল মঞ্জিল বাদী হয়ে বাড্ডা থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করেন ডিবি গুলশান জোনের উপপরিদর্শক মো. রিপন উদ্দিন।

তদন্তে সিসিটিভি ফুটেজ, আসামির স্বীকারোক্তি ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে পুলিশ জানতে পারে, অনলাইন জুয়ায় আসক্ত হয়ে বিপুল অর্থ হারিয়েছিলেন হৃদয়। জুয়ার দেনা পরিশোধের জন্য আফরোজার স্বর্ণালঙ্কার লুটের পরিকল্পনা করেন তিনি।

অভিযোগপত্রে বলা হয়, আফরোজাকে একা পেয়ে চাকু দিয়ে গলা কেটে হত্যা করেন হৃদয়। পরে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে পালিয়ে যান।

আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মাটির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত প্রায় ৯ ইঞ্চি লম্বা রক্তমাখা চাকু উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় লুণ্ঠিত ২২ দশমিক ০৪ গ্রাম স্বর্ণালঙ্কার, ৬০০ টাকা ও রক্তমাখা টিস্যু পেপারসহ একটি ভ্যানিটি ব্যাগ।

মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বুধবার হৃদয় বেপারীকে মৃত্যুদণ্ড দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts