নিউজ প্রবাসী ডেক্স:
বলিউডে কাজের স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে আসা অনেক নবাগত শিল্পীকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভনে অনৈতিক প্রস্তাব বা অস্বস্তিকর পরিস্থিতির শিকার হওয়ার ঘটনাও উঠে আসে বিভিন্ন সময়ে। এবার নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী দেবিনা ব্যানার্জি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণী সিনেমায় কাজ করার সময় এক পরিচালকের কাছ থেকে কুপ্রস্তাব পেয়েছিলেন দেবিনা। ওই পরিচালকের আচরণে তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে, নিজের অস্বস্তির কথা জানাতেও কাঁপছিলেন।
দেবিনা জানান, একদিন সন্ধ্যায় ওই পরিচালক তাঁকে সঙ্গে নিয়ে কোথাও যাওয়ার প্রস্তাব দেন। তখন অভিনয়জগতে তিনি একেবারেই নতুন। তাই নির্মাতার প্রস্তাবে সরাসরি না বলবেন কি না, তা নিয়ে দ্বিধায় পড়ে যান। যদিও শুরু থেকেই তাঁর মনে হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক নয়। অনিচ্ছা থাকা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়েই পরিচালকের সঙ্গে গাড়িতে বের হন তিনি।
পথে একটি নির্জন ও অন্ধকার জায়গায় গাড়ি থামান ওই পরিচালক। এরপর দেবিনাকে চুম্বন করার নির্দেশ দেন তিনি। আকস্মিক এমন আচরণে ভীত হয়ে পড়েন অভিনেত্রী। অচেনা জায়গায় একা অবস্থান করায় নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছিলেন বলে জানান তিনি।
একপর্যায়ে কাঁপা কণ্ঠে পরিচালককে নিজের অস্বস্তির কথা জানান দেবিনা। ওই ঘটনা তাঁর কাছে ছিল অত্যন্ত ভীতিকর অভিজ্ঞতা।
অভিনেত্রী আরও জানান, জীবনে গুরমীত চৌধুরীর আগমনের পর তিনি নিরাপত্তা ও নির্ভরতার অর্থ নতুন করে উপলব্ধি করেছেন। স্বামী গুরমীতের মধ্যেই সেই নিরাপদ আশ্রয় খুঁজে পেয়েছেন তিনি।
উল্লেখ্য, দক্ষিণী সিনেমার মাধ্যমে অভিনয়জগতে যাত্রা শুরু করেন দেবিনা। পরে হিন্দি টেলিভিশনে কাজ শুরু করেন। ২০০৮ সালে ‘রামায়ণ’ ধারাবাহিকে সীতার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। ওই ধারাবাহিকে রামের ভূমিকায় ছিলেন গুরমীত চৌধুরী। পরবর্তী সময়ে তাঁদের বিয়ে হয়। বর্তমানে তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে।