নিউজ প্রবাসী ডেক্স :

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন সমীকরণ। নির্দলীয় প্রতীকে ভোট আয়োজনের প্রস্তুতির মধ্যেই মাঠ গোছাতে ব্যস্ত হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ইতোমধ্যে প্রার্থী বাছাই ও ঘোষণার কাজ শুরু করলেও ক্ষমতাসীন বিএনপি এখনো দৃশ্যত নীরব অবস্থানে রয়েছে।
সরকারের পক্ষ থেকে চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন শুরুর আভাস দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের বিভিন্ন বক্তব্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়েই ভোটযাত্রা শুরুর ইঙ্গিত মিলেছে। তবে কোন স্তরের নির্বাচন আগে হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে নির্বাচনকে ঘিরে সবচেয়ে বেশি সক্রিয়তা দেখা যাচ্ছে জামায়াতে ইসলামী ও তাদের মিত্র দলগুলোর মধ্যে। এনসিপি ইতোমধ্যে বিভিন্ন সিটি করপোরেশন, উপজেলা ও পৌরসভায় সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। জামায়াতও কেন্দ্রীয়ভাবে প্রার্থী চূড়ান্ত করার কাজ এগিয়ে নিচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
অন্যদিকে বিএনপির ভেতরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। দলীয় প্রতীকে নির্বাচন না হওয়ায় প্রার্থী নির্ধারণে নতুন কৌশল নিতে হতে পারে বলেও মত দিয়েছেন তারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে দলের অভ্যন্তরে আলোচনা হবে, এরপর সিদ্ধান্ত নেওয়া হবে।
বামপন্থি দলগুলোও স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি শুরু করেছে। সিপিবি, বাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সম্ভাব্য প্রার্থী যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছে। তারা স্থানীয় পর্যায়ে সমঝোতা ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমর্থনের দিকেও গুরুত্ব দিচ্ছে।
এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশও স্থানীয় সরকার নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দলটি জানিয়েছে, যেখানে জয়ের সম্ভাবনা রয়েছে সেসব এলাকাতেই শক্তিশালী প্রার্থী দেওয়া হবে।
স্থানীয় সরকার নির্বাচন এবার দলীয় প্রতীকে না হওয়ায় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠের বাস্তবতা ও ব্যক্তিগত জনপ্রিয়তা বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। তবে নির্বাচন শুরুর আগেই দলভিত্তিক প্রার্থী ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তার মতে, নির্দলীয় নির্বাচনের মূল উদ্দেশ্যকে দুর্বল করে দিতে পারে আগাম দলীয় প্রার্থী ঘোষণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts