নিউজ প্রবাসী ডেক্স:

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবারও দানের পরিমাণে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে এসব অর্থ গণনার কাজ শুরু হয়েছে। গণনা শেষে নগদ অর্থের পাশাপাশি বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রীর মোট পরিমাণ জানা যাবে।

সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দানবাক্স থেকে সংগ্রহ করা অর্থ বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেওয়া হয়। সেখানে গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদ ও মাদ্রাসার ৯০ জন শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ জন কর্মী। সাত সদস্যের একটি উপকমিটি পুরো কার্যক্রম তদারকি করছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশ, এসআরবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

এর আগে গত ২৭ জুন মসজিদের ১৩টি দানবাক্স খুলে ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। দিনব্যাপী গণনা শেষে নগদ অর্থের পরিমাণ দাঁড়ায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি পাওয়া গিয়েছিল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও অন্যান্য সামগ্রী। এবার সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

সাধারণত প্রতি তিন মাস পরপর দানবাক্স খোলা হলেও দানের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি দুটি নতুন বাক্স যুক্ত করা হয়েছে। ফলে এবার ১৫টি বাক্সে জমা হওয়া অর্থ সংগ্রহ করা হয়েছে।

মসজিদ সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ মার্চ দানবাক্স থেকে পাওয়া স্বর্ণ ও রৌপ্যালঙ্কার নিলামে বিক্রি করে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১১০ টাকা আয় হয়েছিল। একই সময়ে বৈদেশিক মুদ্রা বিক্রি করে পাওয়া যায় আরও ৭০ লাখ টাকা। পরবর্তী সময়ে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বিদেশি মুদ্রা জেলা ট্রেজারিতে সংরক্ষণ করা হয়।

গত ১২ অক্টোবর এসব সম্পদের হিসাব ও মূল্য নির্ধারণের জন্য নয়টি কনটেইনার এবং ছয়টি সিলগালা খাম খোলা হয়। সেখানে ১৭ দেশের বৈদেশিক মুদ্রার পাশাপাশি ১ হাজার ৪৪ ভরি স্বর্ণালঙ্কার ও ১ হাজার ৮৮ ভরি রৌপ্যালঙ্কার পাওয়া যায়। সব মিলিয়ে অলঙ্কারের পরিমাণ দাঁড়ায় ২ হাজার ১৩২ ভরি।

এদিকে, মসজিদের উন্নয়ন ও মুসল্লিদের সুযোগ-সুবিধা বাড়াতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে তিনটি নামাজের শেড, অজুখানা এবং নারীদের জন্য ওয়াশব্লক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মসজিদের বাইরে পাবলিক টয়লেট নির্মাণের কাজ শেষ হয়েছে।

আধুনিক মসজিদ কমপ্লেক্স গড়ে তুলতে কবরস্থান ও বর্তমান কমপ্লেক্সের মধ্যবর্তী ৫৩ দশমিক ৭৭ শতাংশ জমিও মসজিদের নামে কেনা হয়েছে। এর নান্দনিক নকশা তৈরির কাজ চলছে।

পাগলা মসজিদের তহবিল থেকে মাদ্রাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের ব্যয়ভার বহন করা হয়। এ ছাড়া কর্মচারী ও আনসার সদস্যদের বেতন, বিদ্যুৎ বিল, মসজিদের উন্নয়ন এবং দরিদ্র রোগীদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়। মাদ্রাসাটি থেকে এ পর্যন্ত ২৫৩ জন শিক্ষার্থী হাফেজ হয়েছেন।

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক এ মসজিদে প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ দান করতে আসেন। নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালঙ্কার ও বিভিন্ন সামগ্রীও দান করেন দর্শনার্থী ও মুসল্লিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts