নিউজ প্রবাসী ডেক্স ;
বিএনপি নেতা ইলিয়াস আলীকে ‘গুমের’ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
রোববার সকালে একটি মাইক্রোবাসে করে তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। পরে তাকে হাজতখানায় রাখা হয়।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে শতাধিক ‘গুম-খুনের’ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২১ জুন ট্রাইব্যুনালে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের দেওয়া জবানবন্দিতে ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাইফুর রহমানের নাম আসে।
পরে গত ২৬ জুলাই রাতে বিশেষ সামরিক পুলিশ শাখা সাইফুর রহমানকে তার বাসা থেকে আটক করে বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখে।
২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ও তার গাড়িচালককে তুলে নেওয়া হয়। এরপর থেকে তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি।
ইলিয়াস আলী নিখোঁজের সময় বিমানবাহিনীর তৎকালীন স্কোয়াড্রন লিডার সাইফুর রহমান র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বিমান সদর দপ্তরের ডিরেক্টরেট অব এয়ার ট্রেনিংয়ের ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, প্রাথমিক তদন্ত ও সাক্ষীদের জবানবন্দিতে ইলিয়াস আলীকে অপহরণের ঘটনায় সাইফুর রহমানের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।
এ ঘটনায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদসহ সংশ্লিষ্ট অন্যদের ভূমিকাও তদন্ত করা হচ্ছে।