নিউজ প্রবাসী ডেক্স :
পাকিস্তানে অবস্থান করে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সঙ্গে সাইবার প্রতারণা চালানোর অভিযোগে ২৮৪ জন বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএ।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্য নিউজ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারদের আইনি প্রক্রিয়া শেষে বৈধ কাগজপত্র ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১৫ দিনের মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে উঠে এসেছে, বিদেশি নাগরিকদের কয়েকটি চক্র পাকিস্তানে বসে অবৈধ কল সেন্টার ও বিভিন্ন অনলাইন স্ক্যামের মাধ্যমে প্রতারণা চালাচ্ছিল। একটি চক্রের এক সদস্য জানিয়েছেন, নয়জনের দলটি মাসে প্রায় ৮০ হাজার ডলার আয় করত এবং বিশেষ করে ৪০ বছরের বেশি বয়সী ইন্দোনেশীয় নারীদের টার্গেট করা হতো।
এ ঘটনায় তদন্তের আওতা বাড়িয়ে টেলিকম, রাজস্ব ও কোম্পানি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ কল সেন্টার, সাইবার জালিয়াতি, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের বিরুদ্ধে দেশজুড়ে বিশেষ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।