নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর উত্তরায় ডিএল পেট্রোল পাম্পের কর্মীদের কাছ থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, পরিকল্পিত এ ছিনতাইয়ে সরাসরি ৮ থেকে ১০ জন জড়িত।
শুক্রবার ঢাকার বিভিন্ন এলাকা ও নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইলিয়াস শিকদার, জাফর, মো. রবিউল ইসলাম ওরফে রুবেল, মিন্টু রাড়ী ও সাগর বাড়ৈ।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তারদের কাছ থেকে চারটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ২১ রাউন্ড গুলি, র্যাবের ভুয়া পরিচয়পত্র ও পোশাক, ওয়াকিটকি, হাতকড়া, বিভিন্ন নম্বর প্লেট, একটি মোটরসাইকেল এবং নগদ ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, ছিনতাইয়ের এক সপ্তাহের মধ্যে তদন্তে নেমে প্রথমে ইলিয়াস ও জাফরকে সিদ্ধিরগঞ্জ থেকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ধাপে ধাপে লুটের ১২ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
ডিবি বলছে, সিসিটিভি ফুটেজে অন্তত আটজনকে দেখা গেছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে আরও দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ছিনতাইয়ের মূল পরিকল্পনাকারী এখনো পলাতক।
পুলিশের দাবি, গ্রেপ্তারদের কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তারা আগেও একই কায়দায় অর্থ ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল। বাকি আসামিদের গ্রেপ্তার ও লুটের অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান চলছে।