নিউজ প্রবাসী ডেক্স :
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে জায়গা পেয়েছেন দলের চার নেতা। তারা হলেন—রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিউল্লাহ।
শনিবার দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দলের সাংগঠনিক গতিশীলতা বাড়ানো এবং দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে তাদের স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।
নতুন চারজনের মধ্যে রুহুল কবির রিজভী এতদিন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্বে ছিলেন। অন্য তিনজন দলের চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
১৯ সদস্যের স্থায়ী কমিটিতে আগে ১৩ জন সদস্য ছিলেন। গত ১২ জুলাই জমির উদ্দিন সরকার মারা যাওয়ায় এবং নতুন চারজন যুক্ত হওয়ায় বর্তমানে কমিটির সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে।
বিএনপি আশা করছে, নতুন সদস্যরা তাদের অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলীয় নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।