নিউজ প্রবাসী ডেক্স:

ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে প্রায়ই আলোচনায় আসেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তাঁর নামে আপত্তিকর ভুয়া ভিডিও তৈরির অভিযোগ ঘিরে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন তিনি। এ ধরনের প্রযুক্তির অপব্যবহারে নারীদের হয়রানির শিকার হওয়ার বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি এআই প্রযুক্তির সাহায্যে পরীমনির একটি আপত্তিকর ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে অনলাইনে আলোচনা-সমালোচনা শুরু হলে প্রথমে ফেসবুক লাইভে এসে প্রতিক্রিয়া জানান তিনি। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন।

পরীমনি জানান, তাঁর প্রতিবাদী অবস্থানের প্রতি মানুষের সমর্থন তাঁকে আরও সাহস জোগাচ্ছে। তাঁর ভাষায়, ‘সবাই যখন আমার সাহসকে সম্মান জানায়, তখন আরও সাহস পাই। মনে হয়, আমি সঠিক পথে আছি।’

গত ১৯ অক্টোবর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেত্রী। এ সময় জীবনে বারবার নানা ঝামেলায় জড়ানোর প্রসঙ্গও উঠে আসে। নিজের অভিজ্ঞতা নিয়ে পরীমনি বলেন, ‘আমার কপালে মনে হয় এটাই লেখা, সারা জীবন ঝামেলা হবে, ঝামেলা নিয়েই যাব। এটা আমি মেনে নিয়েছি। আমার ভালো লাগে, এনজয় করি।’

তবে এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিওর বিষয়টিকে শুরুতে খুব একটা গুরুত্ব দেননি তিনি। পরবর্তী সময়ে পরিস্থিতির গুরুত্ব বুঝে প্রকাশ্যে কথা বলার সিদ্ধান্ত নেন। পরীমনি বলেন, ‘বিষয়টা অনেক সেনসিটিভ। আমার মতো মানুষ এটা গায়েই লাগানোর কথা না। প্রথম তিন-চার দিন তো পাত্তা দিইনি। যখন দেখলাম, এটা আর এড়িয়ে যেতে পারছি না, তখন গিয়ে কথা বললাম।’

এ ধরনের ঘটনায় সাধারণ নারীদের মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেন অভিনেত্রী। তিনি বলেন, কোনো সাধারণ মেয়ের ক্ষেত্রে এমন ঘটনা ঘটলে কেউ কেউ আত্মহত্যার মতো চরম সিদ্ধান্তও নিতে পারেন। এ বিষয়ে সংবাদমাধ্যমে বিভিন্ন সময় খবর প্রকাশিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

পরীমনির মতে, প্রযুক্তির অপব্যবহার করে নারীদের সম্মানহানি ও হয়রানি করার ঘটনা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts