নিউজ প্রবাসী ডেক্স:
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনাকে কাজে লাগাতে কিছু সীমিত ঝুঁকি মেনে নেওয়া প্রয়োজন বলে মনে করেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। তবে উন্নত এআই ব্যবস্থার কারণে বড় ধরনের বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হতে পারে—এমন ঝুঁকি কোনোভাবেই গ্রহণ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
পলিটিকোর ‘ডিকোডেড’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে অল্টম্যান এআই নিয়ন্ত্রণ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত এআই মডেলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়ে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের অবস্থানের সঙ্গে তিনি একমত নন।
অল্টম্যানের ভাষ্য, এআইকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার পাশাপাশি প্রযুক্তিটির সুফল নিশ্চিত করতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার ঝুঁকি মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। অতিরিক্ত নিয়ন্ত্রণ আরোপ করা হলে এআইয়ের দ্রুত বিকাশ বাধাগ্রস্ত হতে পারে।
ওপেনএআই কঠোর বিধিনিষেধের পরিবর্তে তুলনামূলক নমনীয় একটি নিয়ন্ত্রক কাঠামোর পক্ষে। এ ব্যবস্থায় বড় এআই কোম্পানিগুলোকে স্বাধীন নিরাপত্তা মূল্যায়নকারীদের মাধ্যমে নিজেদের প্রযুক্তি যাচাইয়ের সুযোগ রাখার কথা বলা হয়েছে।
অল্টম্যান বলেন, এমন কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় যে এআই ব্যবহারে হ্যাকিং, অপব্যবহার, জালিয়াতি কিংবা অন্য সব নেতিবাচক ঘটনা পুরোপুরি শূন্যে নামিয়ে আনা যাবে। তার বিশ্বাস, প্রযুক্তির মাধ্যমে মানুষের ভালো কাজের সম্ভাবনা খারাপ ব্যবহারের চেয়ে অনেক বেশি।
তবে এআই নিয়ে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত থাকার ধারণার বিরোধিতা করলেও বড় ধরনের বিপর্যয় ঠেকানোর বিষয়ে সতর্ক থাকার কথা জানিয়েছেন তিনি। তার মতে, এআইয়ের কারণে নিয়ন্ত্রণ হারানোর মতো গুরুতর পরিস্থিতির আশঙ্কা দেখা দিলে ভবিষ্যতের দিকে না ভেবেচিন্তে এগোনো ঠিক হবে না।
বর্তমানে বিশ্বজুড়ে চ্যাটজিপিটির ব্যবহারকারী ১০০ কোটির বেশি। একই সময়ে ওপেনএআইয়ের উন্নত এআই মডেল নিয়ে নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন ঘটনাও সামনে এসেছে। এর মধ্যে অনিয়ন্ত্রিত এআই এজেন্টের মাধ্যমে বিভিন্ন কোম্পানি ও সরকারি ব্যবস্থায় সাইবার হামলার মতো ঘটনাও রয়েছে।
নিরাপত্তা মানদণ্ড পুরোপুরি পূরণ না হওয়ায় গত সপ্তাহে ওপেনএআই তাদের ‘জিপিটি ৬.২ অ্যাস্ট্রা’ সিস্টেম বাজারে না ছাড়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছিল।
অল্টম্যান বলেন, এআইয়ের সম্ভাব্য সুফল পাওয়ার ক্ষেত্রে মানুষকে এমন ঝুঁকি গ্রহণ করতে হবে, যেগুলো সম্পর্কে আগে থেকেই ধারণা ও বোঝাপড়া রয়েছে। তবে যেসব ঝুঁকি সত্যিকার অর্থে বিপর্যয় ডেকে আনতে পারে, সেগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।