নিউজ প্রবাসী ডেক্স:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য আনা ইউরেনিয়ামের আরও একটি চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রকল্প এলাকায় পৌঁছেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রের ভেতরে প্রবেশ করে।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুরের উদ্দেশে রওনা দেয় গাড়িবহরটি। সেনাবাহিনী, পুলিশ, এসআরবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তায় সড়কপথে পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়।

চালানটি নিরাপদে প্রকল্প এলাকায় পৌঁছাতে ঢাকা থেকে পাবনা পর্যন্ত বিভিন্ন সড়কে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। গাড়িবহরের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকার সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে রাশিয়ার একটি বিশেষ বিমান সোমবার সকাল ৮টা ১৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই বিমানে ১২টি টিপিএসে মোট ৪১ টন পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়।

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য রাশিয়া থেকে এসব জ্বালানি আনা হচ্ছে। এর আগেও কয়েক দফায় পারমাণবিক জ্বালানি আমদানি করা হয়েছে। চলতি বছরের মধ্যে ইউরেনিয়ামের আরও কয়েকটি চালান দেশে আসার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts