আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় নিজেদের ভূখণ্ডের সুরক্ষার মতোই গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, সৌদি আরবের ওপর যেকোনো বহিরাগত হামলা মোকাবিলায় সর্বাত্মক শক্তি প্রয়োগে প্রস্তুত ইসলামাবাদ।
সম্প্রতি জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি পাকিস্তানের এ অবস্থানের কথা জানান। তাঁর ভাষ্য, সৌদি আরবের প্রতিরক্ষা পাকিস্তানের নিজস্ব নিরাপত্তার মতোই গুরুত্বপূর্ণ।
আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির সম্প্রতি তেহরান সফর করেন। সেখানে ইরান, সৌদি আরব ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে চার দেশের নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
খাজা আসিফ বলেন, পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্ক শুধু আনুষ্ঠানিক চুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দুই দেশের মধ্যে রয়েছে গভীর সম্পর্ক। বহিরাগত হুমকি যৌথভাবে মোকাবিলার লক্ষ্যেও তিনটি দেশ ইতোমধ্যে লিখিত চুক্তি করেছে বলে তিনি উল্লেখ করেন।
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও পবিত্র স্থানকে লক্ষ্য করে চালানো হামলার নিন্দা জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত কমাতে প্রভাবশালী দেশগুলো একসঙ্গে কাজ করছে। এ ক্ষেত্রে সম্ভাব্য সমাধানের পথও তৈরি হয়েছে।
ইরানসহ সংশ্লিষ্ট দেশগুলোর সম্মিলিত উদ্যোগে শিগগির যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং দীর্ঘস্থায়ী শান্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন খাজা আসিফ। তাঁর মতে, পাকিস্তানের মধ্যস্থতা ও কূটনৈতিক তৎপরতা ইতিবাচক ফল দিতে শুরু করেছে।