নিউজ প্রবাসী ডেক্স :
ভারতে ক্যানসারের দামি ইনজেকশন থেকে আসল ওষুধ বের করে তার বদলে পানি ভরে কালোবাজারে বিক্রির অভিযোগে একটি আন্তঃরাজ্য চক্রের সন্ধান পেয়েছে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
পুলিশের তদন্তে জানা গেছে, চক্রটি সরকারি হাসপাতাল ও সরবরাহব্যবস্থা থেকে ক্যানসারের ইনজেকশন সংগ্রহ করত। পরে ভায়াল থেকে মূল্যবান ওষুধ বের করে সেখানে পানি বা অন্য তরল ভরে পুনরায় বাজারজাত করা হতো।
চক্রটির কাছে থাকা ‘অ্যাভেলুম্যাব’ নামের ক্যানসারের ওষুধের একটি ইনজেকশনের বাজারমূল্য ছিল প্রায় এক লাখ রুপি। পরীক্ষায় উদ্ধার করা কয়েকটি ভায়ালে প্রয়োজনীয় কার্যকর ওষুধের উপাদান পাওয়া যায়নি।
দিল্লি পুলিশের দাবি, চক্রটির নেটওয়ার্ক দিল্লি-এনসিআর ছাড়িয়ে মুম্বাই, হায়দরাবাদ, হরিয়ানা ও উত্তরপ্রদেশসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিল। অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, চক্রটির মাধ্যমে রাজস্থান সরকারের স্বাস্থ্য প্রকল্পের আওতাধীন ক্যানসারের ওষুধও কালোবাজারে পৌঁছেছিল বলে তদন্তে উঠে এসেছে। বিষয়টি নিয়ে রাজস্থান সরকার সরবরাহব্যবস্থার স্টক, রেজিস্টার, ডিসপ্যাচ ও হাসপাতাল পর্যায়ের নথি যাচাইয়ের নির্দেশ দিয়েছে।
সরকারি হাসপাতালের রোগীদের জন্য নির্ধারিত জীবনরক্ষাকারী ওষুধ কালোবাজারে বিক্রি বা ভেজাল করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রাজস্থান সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts