নিউজ প্রবাসী ডেক্স :
পারিবারিক কলহের জেরে হত্যার অভিযোগ; প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকারের দাবি পুলিশের
ঢাকার খিলগাঁওয়ের গোড়ান এলাকার একটি বাসা থেকে ১৮ বছর বয়সী কলেজছাত্রী সানজিদা আক্তার মারিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গোড়ানের হাজী মসজিদসংলগ্ন একটি বাসা থেকে গলায় পাটের সুতলি প্যাঁচানো অবস্থায় মারিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, প্রথমে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্তে হত্যার আলামত পাওয়া যায়। পরে নিহতের ভাইয়ের দায়ের করা মামলার ভিত্তিতে সাইফুল ইসলামকে আটক করা হয়।
পুলিশের ভাষ্য, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। এ বিষয়ে আরও তদন্ত চলছে।
নিহত মারিয়া লালমাটিয়া মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি টিউশনি করে সংসারের খরচে সহায়তা করতেন। প্রায় এক বছর আগে সাইফুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয় এবং গত আট মাস ধরে তারা দক্ষিণ গোড়ানের ওই বাসায় বসবাস করছিলেন।
মারিয়ার বাবার বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়।