ঝড়ো হাওয়ার আশঙ্কা কেটে যাওয়ায় দেশের চার সমুদ্রবন্দর থেকে সতর্কতা সংকেত প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।
শনিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর থেকে সতর্কতা সংকেত নামিয়ে ফেলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সন্ধ্যা পর্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
অন্যদিকে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারি (৮৮ মি.মি.-এর বেশি) বৃষ্টিপাত হতে পারে। অতিভারি বর্ষণের কারণে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েকদিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তবে ১৪ জুলাইয়ের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসতে পারে।