নিউজ প্রবাসী ডেক্স :
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের কিছুক্ষণ আগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামালপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনের কাছাকাছি পৌঁছালে হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় ইঞ্জিনের পেছনে থাকা চারটি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে।
দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্যও জানা যায়নি।
দুর্ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগিগুলো সরিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক করতে ঘটনাস্থলে রেলওয়ের কর্মকর্তাদের পাঠানো হচ্ছে।
এ ছাড়া উদ্ধারকারী বা রিলিফ ট্রেন পাঠানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের কর্মকর্তারা।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধারকাজ শেষ হলে এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।