প্রবাসী ডেস্ক 

রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমের কর্মকাণ্ডের দায়ভার পুলিশ বাহিনী নেবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

রোববার (১৫ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো পুলিশ সদস্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব দায়; এর দায়ভার পুলিশ বাহিনী গ্রহণ করবে না।

সিএমপি কমিশনার জানান, রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করার আগে সরকারের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়েছে। অনুমোদন পাওয়ার পর নগরের পাঁচলাইশ থানায় মামলা দায়ের করা হয়। পরে এসপি জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর জাহাঙ্গীর আলম বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও এই ইউনিট পরিচালনা করবে। আইন অনুযায়ী তাঁকে আদালতে হাজির করা হবে।

মামলার অভিযোগের বিষয়ে কমিশনার বলেন, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে। এ ধরনের কাজে কেউ জড়িত হলে তাঁর বিরুদ্ধে কঠোরতম আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে শনিবার রাতে আরআরএফের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলাটি করেন। পরে নগরের পুলিশ অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts