গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে একটি শক্তিশালী ও কার্যকর সংসদ অপরিহার্য বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেছেন, আইন প্রণয়নের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন, অর্থের সঠিক ব্যবহার এবং স্বচ্ছতা নিশ্চিত করাও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত এক অরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক এ আয়োজন করা হয় সংস্থাটির বাস্তবায়নাধীন এসআইপিএস প্রকল্পের আওতায়।

স্পিকার বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোর বাস্তবায়নে কারিগরি ও প্রশাসনিক জটিলতাও বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখা এবং জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, কর্মশালা থেকে পাওয়া অভিজ্ঞতা ও জ্ঞান সংসদ সদস্যদের দায়িত্ব পালনে সহায়ক হবে। জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সংসদ কাজ করছে। বিগত ১৫ বছরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে ১৫৩ জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ বিরতির পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের জবাবদিহি ও দায়বদ্ধতা বেড়েছে। একইভাবে সম্মিলিত প্রচেষ্টায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে শুধু বাজেট বরাদ্দ কিংবা সরকারি ব্যয়ের হিসাব রাখলেই যথেষ্ট নয়। বরাদ্দ করা অর্থের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে। এ জন্য সংসদীয় তদারকি ও জবাবদিহি জোরদার করা প্রয়োজন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণের সুদ মওকুফ এবং কৃষক কার্ড চালুসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং এসডিজি অর্জনে ভূমিকা রাখার লক্ষ্য রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ। এ ছাড়া সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts