‘নিউজ প্রবাসী ডেক্স :
রজনীকান্ত অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জেলার ২’-এ নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সিনেমাটিতে ‘কান্তা’ চরিত্রে দেখা যাবে তাকে। এরই মধ্যে প্রকাশ পেয়েছে চরিত্রটির প্রথম ঝলক, যা নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
প্রকাশিত ভিডিওতে নীল শাড়ি ও ছোট চুলের লুকে বিদ্যাকে দেখা গেছে। হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখা যায় তাকে। এরপর রজনীকান্তের চরিত্রের সঙ্গে মুখোমুখি হওয়ার একটি দৃশ্যও রয়েছে ওই ঝলকে।
‘জেলার ২’ পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। এটি ২০২৩ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত অভিনীত ‘জেলার’-এর সিক্যুয়েল। নতুন কিস্তিতে রজনীকান্তের পাশাপাশি রম্যা কৃষ্ণান, যোগী বাবু ও মির্নাসহ আগের সিনেমার কয়েকজন অভিনয়শিল্পীও থাকছেন। বিদ্যা বালানের পাশাপাশি সূরজ ভেঞ্জারামুডু ও এস জে সূরিয়াও নতুন করে যুক্ত হয়েছেন।
নির্মাতাদের প্রকাশ করা প্রথম ঝলকে বিদ্যা বালানের চরিত্রটির স্বভাব সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তার দৃঢ় উপস্থিতি এবং রজনীকান্তের সঙ্গে মুখোমুখি দৃশ্য সিনেমাটির গল্পে নতুন মাত্রার ইঙ্গিত দিচ্ছে।
‘জেলার ২’ আগামী ১৫ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts