নিউজ প্রবাসী ডেক্স :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষিতে সার সরবরাহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদারে আলজেরিয়ার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দুলওয়াহাব সাইদানির সঙ্গে পৃথক বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য আলজেরিয়ার সঙ্গে এ খাতে সহযোগিতা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন দুই প্রতিমন্ত্রী। একই সঙ্গে কৃষি ও খাদ্য নিরাপত্তার স্বার্থে সার সরবরাহেও সহযোগিতা চাওয়া হয়েছে।
এলএনজি রপ্তানিকারক দেশ হিসেবে আলজেরিয়ার গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। জার্মান তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান স্ট্যাটিস্তার হিসাবে, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত গ্যাস রপ্তানি সক্ষমতার দিক থেকে দেশটির অবস্থান ছিল ষষ্ঠ। ওই সময়ে আলজেরিয়ার এলএনজি সরবরাহ সক্ষমতা ছিল বছরে প্রায় ২ কোটি ৫৩ লাখ টন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ, কৃষি, জাহাজ নির্মাণ এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। জ্বালানি, সার, ওষুধ, জাহাজ নির্মাণ এবং বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যে সরাসরি জাহাজ চলাচল বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
অন্যদিকে শামা ওবায়েদের বৈঠকে বাংলাদেশ থেকে আলজেরিয়ায় পচনশীল ও পরিবেশবান্ধব পাট এবং পাটজাত পণ্য রপ্তানি বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা জোরদারের বিষয়টিও আলোচনায় আসে।
আলজেরিয়ার রাষ্ট্রদূত আব্দুলওয়াহাব সাইদানি দুই দেশের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।