★নিউজ প্রবাসী ডেক্স :

  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার সম্ভাব্য একটি নতুন পরিকল্পনা সম্পর্কে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে গোয়েন্দা তথ্য দিয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ তথ্য সামনে এসেছে।
    সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে সতর্ক করে। এতে ট্রাম্পকে লক্ষ্য করে একটি নির্দিষ্ট পরিকল্পনার উল্লেখ থাকলেও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখনও তথ্যটির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি।
    মার্কিন কর্মকর্তাদের একটি অংশের ধারণা, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান আরও কঠোর করতে ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করার উদ্দেশ্যেও ইসরায়েল এ ধরনের তথ্য দিয়ে থাকতে পারে। একই সঙ্গে কিছু মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ইসরায়েলি গোয়েন্দা তথ্যের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
    তবে ২০২০ সালে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার আশঙ্কার কথা যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকর্তা বলে আসছেন।
    সম্প্রতি ট্রাম্পও সাংবাদিকদের বলেন, তিনি ইরানের ‘হত্যার তালিকায়’ রয়েছেন এবং সেখানে তার নাম সবচেয়ে ওপরে।
    এদিকে ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর থাকলেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। একই সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের কূটনৈতিক ও সামরিক বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের খবরও প্রকাশিত হয়েছে।
    সিএনএন আরও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়া হলেও শেষ মুহূর্তে তা স্থগিত রেখে কূটনৈতিক প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts