নিউজ প্রবাসী ডেক্স :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসুর বর্তমান কমিটির মেয়াদ শেষের দিকে। কিন্তু পরবর্তী নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে, তা এখনও স্পষ্ট নয়। ফলে নির্ধারিত সময়ে নির্বাচন হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২০২৫ সালের ৯ সেপ্টেম্বর সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে প্রতিবছর নির্ধারিত সময়ে ভোট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজয়ী ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’। তবে চলতি একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচন রাখা হয়নি।
ডাকসুর জিএস এস এম ফরহাদ জানিয়েছেন, আগামী ১২ সেপ্টেম্বর সমাপনী বক্তব্যের দিনই নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময় শেষ হলে বর্তমান কমিটি অতিরিক্ত দায়িত্ব পালন করবে না বলেও জানিয়েছেন তিনি।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আলমোজাদ্দেদী আলফেছানী বলেছেন, পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। হল প্রাধ্যক্ষ ও বর্তমান ডাকসু কমিটির সঙ্গে আলোচনা হয়েছে। এরপর ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে নির্বাচনের সময় ঘোষণা করা হবে। তবে তফসিল ঘোষণার নির্দিষ্ট সময় জানাতে তিনি বলেন, বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।
ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী, ৩৬৫ দিনের মেয়াদ শেষে নির্ধারিত সময়ে নির্বাচন না হলে বর্তমান নির্বাচিত প্রতিনিধিরা সর্বোচ্চ ৯০ দিন বা নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন।
এদিকে, এবারের নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের বাজেটেও আলাদা কোনো বরাদ্দ রাখা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচন হলে ঘাটতি বাজেট থেকে অর্থ দেওয়া হবে।
ছাত্র সংগঠনগুলোর নেতারাও বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts