বিনোদন প্রতিবেদক
সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মানিকগঞ্জে যাওয়ার পথে একটি ডাম্প ট্রাকের চাপায় তাঁর ব্যক্তিগত গাড়িটি দুমড়েমুচড়ে যায়। তবে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন অভিনেত্রী। দুর্ঘটনায় শরীরে সামান্য আঘাত পেলেও বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুর্ঘটনার কথা জানান তানজিন তিশা। মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
জানা গেছে, মানিকগঞ্জের ভাড়ারিয়া বাজারে ‘রয়েল ফ্যাশন’ নামের একটি ফ্যাশন হাউজের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। এ উপলক্ষে আয়োজকেরা নানা প্রস্তুতিও নিয়েছিলেন। তবে দুর্ঘটনার কারণে শেষ পর্যন্ত মানিকগঞ্জের যাত্রা বাতিল করে ঢাকায় ফিরে আসেন অভিনেত্রী। বাতিল হয়ে যায় উদ্বোধনী অনুষ্ঠানও।
দুর্ঘটনার অভিজ্ঞতা বর্ণনা করে তানজিন তিশা জানান, রাতের সেই ঘটনা তাঁর মনে দীর্ঘদিন থাকবে। একটি ডাম্প ট্রাকের চাপে তাঁর গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিজের কষ্টার্জিত অর্থে কেনা প্রিয় গাড়িটির এমন ক্ষতি তাঁকে ব্যথিত করেছে বলেও জানান তিনি।
নিজের শারীরিক অবস্থার বিষয়ে অভিনেত্রী বলেন, দুর্ঘটনায় শরীরে কিছু আঘাত পেয়েছেন। তবে বর্তমানে তিনি ভালো আছেন। বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তাঁর জন্য দোয়া করা ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশার ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন। অনেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি দ্রুত সুস্থতা ও নিরাপত্তা কামনা করেছেন।
ছোট পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী।