নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর বিভিন্ন এলাকায় হাতবোমা বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনার পর ঢাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নগরীর গুরুত্বপূর্ণ এলাকা, প্রধান সড়ক ও প্রবেশপথগুলোতে বাড়ানো হয়েছে তল্লাশি ও নজরদারি।
শনিবার এক বার্তায় ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশিচৌকি বসানো হয়েছে। সন্দেহজনক যানবাহন ও মোটরসাইকেলে বিশেষভাবে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে সহ অন্তত আটটি স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে সন্ধ্যার দিকে কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এসব ঘটনার পর নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীজুড়ে বিশেষ অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঢাকার প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় এবং প্রবেশদ্বারগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক যানবাহনে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে।
নগরীতে পিকেট ডিউটিও জোরদার করা হয়েছে। গাড়ি ও মোটরসাইকেলে পুলিশের টহলের পাশাপাশি বিভিন্ন এলাকায় পায়ে হেঁটেও টহল দেওয়া হচ্ছে।
ডিএমপি আরও জানিয়েছে, বড় ধরনের অপরাধ বা নাশকতা প্রতিরোধে গোয়েন্দা পুলিশ (ডিবি), কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের মাঠে মোতায়েন করা হয়েছে।
পুলিশ বলছে, রাজধানীর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অপরাধমূলক তৎপরতা ঠেকাতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।