নিউজ প্রবাসী ডেক্স :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর সেটি আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন।
শুক্রবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেইঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান হবে না। কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার মহড়ার কথা উল্লেখ করা হয়।
যদিও বিজ্ঞপ্তিতে তারেক রহমানের নাম বা সফরের তারিখ উল্লেখ ছিল না। তবে সম্ভাব্য দিল্লি সফর নিয়ে দুই দেশের আলোচনা চলায় এটিকে সফরের প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছিল।
এর কিছুক্ষণ পর কোনো কারণ না জানিয়েই বিজ্ঞপ্তিটি সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে ভারতের তথ্য অধিদপ্তর ও বার্তা সংস্থা আইএএনএসের পোস্টও প্রত্যাহার করা হয়।
এ ঘটনায় সফরের সময়সূচি পরিবর্তন হয়েছে কি না, নাকি বিজ্ঞপ্তি প্রকাশে কোনো প্রক্রিয়াগত ভুল ছিল—তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে ভারতের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।