নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের প্রস্তুতি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির কর্মকর্তাদের মধ্যে আবারও আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাতে বলা হয়েছে, আগামী নভেম্বরের সুবিধাজনক কোনো সময়ে সফরটি আয়োজনের বিষয়ে কাজ চলছে। তবে সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
দুই দেশের সাম্প্রতিক কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই নতুন করে সফরের বিষয়টি সামনে এসেছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য এবং তাকে ভারত থেকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে নানা জটিলতা তৈরি হয়েছে।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকায় দুই দেশের কর্মকর্তাদের বৈঠক অব্যাহত রয়েছে। সম্ভাব্য সফরের আলোচ্যসূচি তৈরির কাজও চলছে। এর মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিক করা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয় থাকতে পারে। গঙ্গার পানি বণ্টন চুক্তিটির মেয়াদ ডিসেম্বরের শেষ দিকে শেষ হওয়ার কথা থাকায় বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই শুভেচ্ছার জবাবে মোদীও তারেক রহমানকে ধন্যবাদ জানান।
এর আগে সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশ সেখানে কোনো প্রতিনিধি পাঠায়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সে সময় জানিয়েছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক নতুন করে সাজানোর বিষয়ে ঢাকা কাজ করছে এবং উপযুক্ত পরিবেশে দ্বিপক্ষীয় সফরকে গুরুত্ব দেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে দুই দেশের যোগাযোগও অব্যাহত রয়েছে। ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বাণিজ্য, পানি বণ্টনসহ দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে সম্ভাব্য অগ্রগতি সফরের আলোচনায় জায়গা পেতে পারে।
তবে সফরের নির্দিষ্ট তারিখ বা চূড়ান্ত কর্মসূচি এখনো ঘোষণা করা হয়নি। ফলে নভেম্বরকে সম্ভাব্য সময় ধরে দুই দেশের কর্মকর্তাদের আলোচনাই বর্তমানে মূল প্রস্তুতির অংশ হিসেবে চলছে।