নিউজ প্রবাসী ডেক্স :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে বিগত সময়ে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নতুন দায়িত্ব পাওয়া মন্ত্রী আবদুল মঈন খান।
রোববার সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কর্মদিবসে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে দুর্নীতির বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। তার প্রধান লক্ষ্য হবে দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ এবং তাদের কাছে সরকারি সেবা যথাযথভাবে পৌঁছে দেওয়া।
তিনি বলেন, স্থানীয় সরকারব্যবস্থা গণতান্ত্রিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ একটি অংশ। এ ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হলে রাষ্ট্রের সামগ্রিক ব্যবস্থাপনাও আরও কার্যকর হবে। তাই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে এর পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, সরকারের ক্ষমতার উৎস জনগণ। জনগণের দেওয়া ক্ষমতা যথাযথভাবে ব্যবহার করে দেশকে এগিয়ে নিতে হবে। বিশেষ করে দরিদ্র মানুষ সরকারি সহায়তা ও সেবার ওপর বেশি নির্ভরশীল হওয়ায় তাদের অধিকার ও প্রয়োজন নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts