নিউজ প্রবাসী ডেক্স :
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল পদমর্যাদার র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।
রোববার সকালে বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নৌবাহিনী প্রধানকে অ্যাডমিরাল র্যাঙ্কের ব্যাজ পরিয়ে দেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলাম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন।
এর আগে রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে গত ১৬ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি দিয়ে তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয় সরকার। গত ২৩ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের দিন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তাকে ভাইস অ্যাডমিরালের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
অ্যাডমিরাল পদমর্যাদার ব্যাজ পরানোর পর নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এ সময় নৌবাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন খোন্দকার মিসবাহ উল আজীম।