
নিউজ প্রবাসী ডেক্স :
দেশে পরিশোধিত জ্বালানি তেলের মজুদ নিয়ে আশ্বস্ত করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি জানিয়েছেন, এপ্রিল ও মে মাসের জ্বালানি চাহিদা পূরণে পর্যাপ্ত মজুদ রয়েছে এবং এখন জুন মাসের চাহিদা মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইস্টার্ন রিফাইনারি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ইতিহাসে এই মুহূর্তে সর্বোচ্চ পরিমাণ পরিশোধিত জ্বালানি মজুদ রয়েছে। এমনকি আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে ছয় সপ্তাহের সমপরিমাণ জেট ফুয়েল সংরক্ষিত আছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে নির্ধারিত সময় অনুযায়ী কিছু জ্বালানি আমদানিতে বিঘ্ন ঘটেছে। তবে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নতুন কার্গো আমদানির প্রক্রিয়াও চলমান রয়েছে।
ইস্টার্ন রিফাইনারির উৎপাদন সক্ষমতা সাময়িকভাবে কিছুটা কমলেও জ্বালানি সরবরাহে যাতে কোনো ঘাটতি না হয়, সে জন্য সরকার পরিশোধিত জ্বালানি আমদানি বাড়িয়েছে বলে জানান তিনি।
এ সময় প্রতিমন্ত্রী আরও বলেন, রিফাইনারির দুটি ইউনিটে রক্ষণাবেক্ষণ কাজ চলছে। দীর্ঘদিন নিরবচ্ছিন্নভাবে চালু থাকার কারণে এই কাজগুলো করা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় সংস্কার শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালানো যায়।
তিনি আশা প্রকাশ করেন, চলতি মাসের শেষ দিকে নতুন ক্রুড অয়েল পৌঁছালে পুনরায় পূর্ণ উৎপাদন সক্ষমতায় ফিরবে রিফাইনারি।
সাংবাদিকদের উদ্দেশে তিনি দায়িত্বশীলভাবে তথ্য পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, সঠিক তথ্য প্রচার হলে অযথা জনমনে উদ্বেগ সৃষ্টি হবে না বরং পরিস্থিতি সম্পর্কে মানুষের আস্থা বাড়বে