নিউজ প্রবাসী ডেক্স :
বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত আবারও আলোচনায়। সম্প্রতি বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত জীবন, বিয়ে, সম্পর্ক এবং ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।
সাক্ষাৎকারে রাখি জানান, তিনি বর্তমানে ইসলাম ধর্ম অনুসরণ করছেন। আল্লাহর প্রতি বিশ্বাস, নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় এবং একাধিকবার উমরাহ পালনের কথাও উল্লেখ করেন তিনি। ধর্মীয় জীবন নিয়ে তিনি সন্তুষ্ট বলেও জানান।
বিয়ে ও আন্তধর্মীয় সম্পর্ক প্রসঙ্গে রাখির বক্তব্য, ভালোবাসার ক্ষেত্রে ধর্ম কোনো বাধা হওয়া উচিত নয়। একই সঙ্গে ক্যারিয়ারের শুরুতে নানা সমালোচনার মুখোমুখি হলেও সেসব উপেক্ষা করে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন বলে দাবি করেন তিনি।
‘বিগ বস ১৫’-এ পরিচিত হওয়া রিতেশের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেন রাখি। এ সম্পর্ক ঘিরে অতীতে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গ তুলে ধরে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
বর্তমান সময়ের ভাইরাল কনটেন্ট নির্মাতাদের প্রসঙ্গ টেনে রাখি বলেন, তিনি অনেক আগে থেকেই দর্শকদের বিনোদন দিতে ভিন্নধর্মী কনটেন্ট তৈরি করে আসছেন। তার ভাষায়, তিনি নিজেই একটি “চলমান কনটেন্ট”।
সাক্ষাৎকার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রাখির বক্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার খোলামেলা বক্তব্যের প্রশংসা করেছেন, আবার কেউ সমালোচনাও করেছেন। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার সক্ষমতা যে এখনও তার রয়েছে, সেটিই নতুন করে প্রমাণ হয়েছে।