নিউজ প্রবাসী ডেক্স :
দেশের বিভিন্ন অঞ্চলে জুন ও জুলাই মাসের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগ উঠেছে। কোথাও দেড়-দুই হাজার টাকার বিল এক লাফে সাত হাজার টাকায় পৌঁছেছে, আবার কোথাও বিদ্যুৎ ব্যবহারের ইউনিট ১০৫ থেকে বেড়ে ১৭০ দেখানো হয়েছে। অতিরিক্ত বিল নিয়ে গ্রাহকদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।
ময়মনসিংহ, ঢাকা, সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকা থেকে গ্রাহকরা অভিযোগ করেছেন, নতুন কোনো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার না করলেও বিল কয়েক গুণ বেড়েছে। অনেকের দাবি, নিয়মিত মিটার রিডিং না নিয়ে অনুমাননির্ভর বিল করা হয়েছে।
এদিকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, গণহারে অতিরিক্ত বিলের প্রমাণ মেলেনি। তবে বিচ্ছিন্নভাবে ভুল হয়ে থাকতে পারে এবং অভিযোগ পেলে সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো তা যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা নিচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, জুন মাসে তাপমাত্রা বৃদ্ধি, বিদ্যুতের ব্যবহার বেড়ে যাওয়া এবং নতুন ট্যারিফ কার্যকর হওয়ায় অনেক গ্রাহকের বিল আগের তুলনায় বেশি এসেছে। তবে প্রকৃত ব্যবহারের সঙ্গে বিলের অমিল থাকলে গ্রাহকদের লিখিত অভিযোগ করে বিল পুনঃযাচাইয়ের সুযোগ রয়েছে।