নিউজ প্রবাসী ডেক্স :
দেশে হামের প্রকোপ মোকাবিলায় শুরু হয়েছে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় সারাদেশে মোট ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
শনিবার রাজধানীর কড়াইলের টিএনটি খেলার মাঠে বিশেষ এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, কর্মসূচিতে নতুন করে ছয় মাস বয়সে পৌঁছানো ১০ লাখ শিশুকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পাশাপাশি আগে টিকা থেকে বাদ পড়া আরও ২৪ লাখ শিশুকে এই ক্যাচ-আপ কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, দেশব্যাপী মোট ৩৪ লাখ শিশুকে বিশেষ এই টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শুরু হওয়া এই কর্মসূচির মাধ্যমে হামের ঝুঁকি কমাতে টিকা থেকে বাদ পড়া শিশুদের দ্রুত টিকাদানের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।