নিউজ প্রবাসী ডেক্স :
নরসিংদীর রায়পুরায় ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে রায়পুরা ইউনিয়ন পরিষদের সামনে চেয়ারম্যান ফারুক হোসেনের সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও সংঘর্ষ হয়।
পুলিশ জানায়, সোমবার একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে ফারুক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এর প্রতিবাদেই তার সমর্থকেরা মানববন্ধন ও বিক্ষোভ করছিলেন।
পরে বিএনপির নেতাকর্মীরা চেয়ারম্যানের বাড়ির দিকে গেলে দুই পক্ষের মধ্যে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর এবং কয়েকজনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে বিএনপি নেতা আল মামুন ভূঁইয়ার বাড়িতে হাতবোমা বিস্ফোরণের অভিযোগও উঠেছে। পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) টি এম ফরিদুল আলম জানান, সংঘর্ষের ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।