নিউজ প্রবাসী ডেক্স :
নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো রাজ্যে স্থানীয়ভাবে তৈরি অ্যালকোহল ও হারবাল পানীয় পান করে অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোট ১৮২ জন অসুস্থ হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজনের দৃষ্টিশক্তি হারানোর পাশাপাশি গুরুতর শারীরিক জটিলতা দেখা দিয়েছে।
দেশটির খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল (এনএএফডিএসি) জানিয়েছে, আক্রান্তদের পান করা কয়েকটি নমুনায় উচ্চমাত্রার মিথানলের উপস্থিতি পাওয়া গেছে। তবে মিথানলের সঠিক মাত্রা এবং অন্যান্য বিষাক্ত উপাদান শনাক্তে আরও পরীক্ষা চলছে।
ওন্দো রাজ্যের ওদিগবো ও ইরেলে স্থানীয় সরকার এলাকার কয়েকটি সম্প্রদায়ে এ ঘটনা ঘটেছে। এনএএফডিএসির তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ৯০ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন, ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন এবং ৩১ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। পাঁচজন পুরোপুরি এবং দুজন আংশিকভাবে দৃষ্টিশক্তি হারিয়েছেন।
স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে মাথাব্যথা, দুর্বলতা, শরীরে ব্যথা, দৃষ্টিশক্তির সমস্যা, শ্বাসকষ্ট ও চেতনা পরিবর্তনের মতো উপসর্গ দেখা গেছে। মিথানল শরীরে প্রবেশ করলে গুরুতর বিষক্রিয়া, অঙ্গ বিকল ও মৃত্যুর ঝুঁকি তৈরি করতে পারে।
স্থানীয়ভাবে ‘মাঙ্কি টেইল’ নামে পরিচিত উচ্চমাত্রার অ্যালকোহলযুক্ত একটি হারবাল পানীয়ের সঙ্গে মিথানল মেশানোর অভিযোগও উঠেছে। তবে পানীয়টির দূষণের প্রকৃত উৎস নিশ্চিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় সন্দেহভাজন ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এনএএফডিএসি জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি অ্যালকোহল ও হারবাল পানীয়ের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে নিবন্ধনহীন ও উপাদান সম্পর্কে নিশ্চিত নয়—এমন পানীয় গ্রহণ না করতে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts