নিউজ প্রবাসী ডেক্স:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ঢাকেশ্বরী বাজারে দিনের বেলায় অস্ত্রের ভয় দেখিয়ে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারে দেবাশীষ ঢালীর স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি জামাল উদ্দিন।
দোকান মালিক দেবাশীষ ঢালী জানান, দুপুরে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ দোকানে ঢুকে দেশীয় অস্ত্রের ভয় দেখায় এবং তাকে মারধর করে। পরে দোকানে থাকা এক নারী ক্রেতার কাছ থেকে সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায় তারা। একই সঙ্গে দোকানের সিন্দুক ও ড্রয়ারে থাকা আরও প্রায় সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার এবং ২০০ থেকে ৩০০ ভরি রুপা লুট করা হয় বলে দাবি তার।
ঘটনার একটি সিসিটিভি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মুখে কাপড় বাঁধা কয়েকজনকে দোকানে ঢুকে মালামাল লুট করতে দেখা যায়। এক নারী ক্রেতার কাছ থেকেও গহনা নেওয়ার দৃশ্য রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বন্দর থানার ওসি জামাল উদ্দিন বলেন, ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts