নিউজ প্রবাসী ডেক্স :
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে কয়েকশ ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার বিকাল থেকে চলা এ অভিযানে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় তাদের গাড়িতে করে থানায় নেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে তারা সেখানে যান। পরে কার্যালয়ে থাকা ব্যক্তিদের পরিচয় যাচাই-বাছাইয়ের জন্য হেফাজতে নেওয়া হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, কার্যালয়ের সামনে ‘জয় বাংলা’ স্লোগান এবং ভেতরে একটি বৈঠক চলার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। বিকাল পর্যন্ত ৩০ থেকে ৪০ জনকে পল্টন থানায় নেওয়া হয়েছিল বলে তিনি জানান। তাদের বিষয়ে যাচাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।
জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেনের দাবি, সারাদেশ থেকে আসা নেতাদের নিয়ে কার্যালয়ে প্রতিনিধি সভা চলছিল। দুপুর আড়াইটার দিকে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে হামলা চালায় এবং পরে পুলিশ এসে জাসদ নেতাকর্মীদের আটক শুরু করে।
তবে যুবদল নেতারা দাবি করেন, জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক হচ্ছিল। শাহবাগ থানা যুবদলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তপন বলেন, বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে সেখানে বৈঠক করার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান এবং প্রশাসনকে বিষয়টি জানান।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সন্ধ্যায় বলেন, জাসদের আড়ালে আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছেন—এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। সেখানে পাওয়া ব্যক্তিদের হেফাজতে নিয়ে পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে।
সন্ধ্যা ৬টা পর্যন্ত কয়েক দফায় প্রিজন ভ্যানসহ বিভিন্ন গাড়িতে করে কয়েকশ ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়। এ সময়ও জাসদ কার্যালয়ের ভেতরে পুলিশ হেফাজতে আরও অনেককে দেখা যায়।