নিউজ প্রবাসী ডেক্স :
নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৬৪ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার নুওয়াকোট জেলার একটি বিধ্বস্ত বাড়ি থেকে চণ্ডিকা কুমারী শ্রেষ্ঠা নামে ওই নারীকে উদ্ধার করেন সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্যরা।
গত ২৬ আগস্টের আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে চারতলা বাড়িটির নিচের তিনটি তলা কাদা ও মাটির নিচে চাপা পড়ে যায়। ধ্বংসস্তূপে আটকা পড়েছিল ভবনের ওপরের অংশও।
উদ্ধারকারীরা সেখানে রাস্তা নির্মাণের জন্য মাটি সরানোর কাজ করছিলেন। হঠাৎ ধ্বংসস্তূপের ভেতর থেকে ক্ষীণ শব্দ শুনতে পান তারা। বিষয়টি নিশ্চিত হওয়ার পর শুরু হয় মাটি সরানোর কাজ।
একপর্যায়ে বাড়িটির একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করেন উদ্ধারকারীরা। সেখান থেকেই চণ্ডিকা শ্রেষ্ঠার সন্ধান পাওয়া যায়।
এর আগে ওই বাড়িতে একাধিকবার তল্লাশি চালানো হয়েছিল। কেউ জীবিত নেই ধরে নিয়ে উদ্ধার অভিযানও শেষ করা হয়েছিল। এমনকি পরিবারের সদস্যরা তার শেষকৃত্যের প্রস্তুতিও নিয়েছিলেন।
উদ্ধারের পর চণ্ডিকাকে নেপালি সেনাবাহিনীর হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।
তবে কীভাবে টানা ১০ দিন ধ্বংসস্তূপের নিচে থেকে তিনি বেঁচে ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, ভয়াবহ এই বন্যা ও পাহাড়ি ঢলে এখন পর্যন্ত এক হাজার ৩৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও প্রায় পাঁচ হাজার ৫০০ মানুষ নিখোঁজ রয়েছেন।
চণ্ডিকা শ্রেষ্ঠার জীবিত উদ্ধারের ঘটনা তাই ভয়াবহ এই দুর্যোগের মধ্যে স্বজন ও উদ্ধারকারীদের কাছে এক বিরল আশার খবর হয়ে এসেছে।