টেক ডেস্ক
ব্যবসায়িক ব্যয় কমিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন শাখা থেকে তিন হাজার কর্মী ছাঁটাই করেছে বহুজাতিক টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভোডাফোন। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে বাস্তবায়িত এ পদক্ষেপের মাধ্যমে ইউরোপীয় কার্যক্রমে প্রায় ২০ কোটি ইউরো সাশ্রয় হয়েছে। এর মধ্যে শুধু যুক্তরাজ্যেই ব্যয় কমেছে প্রায় ৫ কোটি ইউরো।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ‘থ্রি ইউকে’র সঙ্গে একীভূত হয়ে ‘ভোডাফোনথ্রি’ গঠনের চুক্তির পর যুক্তরাজ্যে ব্যয় সংকোচনের উদ্যোগ জোরদার করে প্রতিষ্ঠানটি। তবে দেশটির সদর দপ্তরে ঠিক কতটি পদ বিলুপ্ত করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি ভোডাফোন।
কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়েছে প্রতিষ্ঠানটির শেয়ার্ড সার্ভিসেস কার্যক্রমেও। ভারত ও পূর্ব ইউরোপের বিভিন্ন সাপোর্ট হাব থেকে পরিচালিত প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত কর্মীরাও এ সিদ্ধান্তের আওতায় এসেছেন।
এদিকে, জার্মানিতে ব্যবসার পুনর্গঠন ও ব্যয় কমানোর অংশ হিসেবে সোমবার আরও ২ হাজার ৩০০টি পদ বিলুপ্তির ঘোষণা দিয়েছে কোম্পানিটি। ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ও শেয়ার্ড অপারেশনসের বার্ষিক পরিচালন ব্যয় ২০০ কোটি ইউরোর বেশি কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছে ভোডাফোন।
ব্যয় সংকোচনের প্রভাব কোম্পানির আর্থিক পূর্বাভাসেও পড়েছে। অর্ধবার্ষিক ফলাফল প্রকাশের পর পুরো অর্থবছরের সম্ভাব্য আয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। নতুন হিসাব অনুযায়ী, বার্ষিক আয় ১ হাজার ৩২০ কোটি থেকে ১ হাজার ৩৪০ কোটি ইউরোর মধ্যে থাকতে পারে। কোম্পানির নিজস্ব প্রবৃদ্ধির হিসাবে এটি ৬ থেকে ৮ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এর আগে জুলাইয়ে আয় ১ হাজার ৩০০ কোটি থেকে ১ হাজার ৩৩০ কোটি ইউরো হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল তারা।
তবে আয় বাড়ার সম্ভাবনা থাকলেও ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ছয় মাসে কর-পূর্ব ৩৭ কোটি ৩০ লাখ ইউরো লোকসান করেছে ভোডাফোন। আগের বছরের একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ২১০ কোটি ইউরো। জার্মানির বাজারে ৪৮৫ কোটি ইউরোর অস্বাভাবিক ঋণ ও সম্পদের মূল্যহ্রাসজনিত ব্যয় এ লোকসানের অন্যতম কারণ।
ভোডাফোনের প্রধান নির্বাহী মারগেরিটা দেল্লা ভাল্লে জানিয়েছেন, সামগ্রিকভাবে গ্রুপের কার্যক্রমে তিনি সন্তুষ্ট হলেও জার্মানির ব্যবসা এখনো প্রত্যাশিত অবস্থানে পৌঁছায়নি। দেশটিতে কার্যক্রমের কাঠামোগত জটিলতা কমানো এবং গ্রাহকসেবার মান বাড়াতে নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
২০২৩ সালে প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পর থেকেই দেল্লা ভাল্লে ব্যয় কমানোর নীতি অনুসরণ করছেন। তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট ১১ হাজার পদ বিলুপ্ত করেছে। একই সময়ে বার্ষিক পরিচালন ব্যয় কমেছে প্রায় ৭০ কোটি ইউরো।