নিউজ প্রবাসী ডেক্স:

রাজধানীর পুরান ঢাকার একটি বেসরকারি স্কুলে ছাত্রীকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন শিশুটির মা। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক তাসনিম আজাদ সুপ্তি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গেন্ডারিয়া থানায় করা মামলায় সুপ্তির পাশাপাশি আরও দুই থেকে তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার এজাহারে ঘটনার তারিখ ৩০ আগস্ট উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার তদন্তে স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেখানে শিশুটির ওপর নির্যাতনের দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা বিপাশা কুণ্ডু। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

শিশুটির মায়ের অভিযোগ, শ্রেণিকক্ষে টিফিন বক্স রাখাকে কেন্দ্র করে শিক্ষক তার মেয়েকে দাঁড় করিয়ে রাখেন। পরে শ্রেণির কাজ লিখতে গেলে খাতা কেড়ে নেওয়া হয়। শিশুটি অন্যের খাতা দেখে লেখার চেষ্টা করলে তাকে ভয় দেখানো ও শারীরিকভাবে নির্যাতন করা হয়।

অভিযোগ অনুযায়ী, ছুটির ঘণ্টা বাজার পরও শিশুটিকে শ্রেণিকক্ষে আটকে রাখা হয়। একপর্যায়ে পেনসিল দিয়ে তার ডান চোখের নিচে আঘাত করা হয়। এতে শিশুটি আহত হয় এবং আতঙ্কিত হয়ে পড়ে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২২ সেপ্টেম্বর শিশুটি আদালতে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছে। মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

এদিকে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল রুহুল আমিন বলেন, সিসিটিভি ফুটেজে শিশুটিকে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখার বিষয়টি দেখা গেছে এবং তদন্তে পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করা হয়েছে।

স্কুল কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শিশুটির পরিবারের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং তাকে আবার স্কুলে ফিরিয়ে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts