নিউজ প্রবাসী ডেক্স : : পূর্ণাঙ্গ রাষ্ট্রসংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। খণ্ড খণ্ডভাবে সংস্কারমূলক বিল উত্থাপনের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে সংসদ অধিবেশন থেকে বেরিয়ে যান বিরোধী দলের সদস্যরা।
জাতীয় মানবাধিকার কমিশন বিল ও গুম প্রতিরোধ ও প্রতিকার বিল উত্থাপনের আগে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, তারা খণ্ডিত কোনো সংস্কার প্রক্রিয়ার অংশ হতে চান না। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠন করে পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়নের দাবি জানান তিনি।
তার অভিযোগ, গুরুত্বপূর্ণ সংস্কারমূলক কয়েকটি অধ্যাদেশের কার্যকারিতা শেষ হতে দেওয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ, পুলিশ ও নির্বাচন কমিশন সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ সংসদ অধিবেশন আহ্বানের দাবি জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
সরকার একতরফাভাবে সংসদ পরিচালনার মাধ্যমে মূল সংস্কারের দাবি চাপা দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। তবে উপযুক্ত সময়ে আবার সংসদে ফিরে জনগণের পক্ষে কথা বলবেন বলে জানান তিনি।