নিউজ প্রবাসী ডেক্স :
ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
দেশের কয়েকটি এলাকায় প্রতিকূল পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে নিয়োগ কার্যক্রম শেষ করা সম্ভব না হওয়ায় এ সময় বাড়ানো হয়েছে। শনিবার (২৫ জুলাই) সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনায় বিষয়টি জানানো হয়।
নির্দেশনা অনুযায়ী, নতুন ও আগে জমা দেওয়া সব আবেদন যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে পরীক্ষা নিয়ে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে।
যেসব এলাকায় এরই মধ্যে পরীক্ষা চলছে, সেখানে তা চালু রাখা যাবে। তবে স্থানীয় কমিটি প্রয়োজন মনে করলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করে নতুন ও পুরোনো আবেদনকারীদের একসঙ্গে পরীক্ষা নিতে পারবে।
২৫ ও ২৬ জুলাই নির্ধারিত পরীক্ষার বিষয়ে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা চালানো বা স্থগিত করার সিদ্ধান্ত নিতে পারবে সংশ্লিষ্ট স্থানীয় কমিটি। পরীক্ষা চালু থাকলে পরবর্তীতে নতুন আবেদনকারীদের জন্য আলাদাভাবে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে।
নিয়োগ প্রক্রিয়ায় কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। নির্ধারিত মানবণ্টন অনুযায়ী ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার জিপিএর ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হবে।
চূড়ান্ত তালিকা প্রকাশের পর নির্বাচিতদের প্রশিক্ষণসহ পরবর্তী কার্যক্রমের সময়সূচি নতুন করে নির্ধারণ করে জানানো হবে।
ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করতে সংশ্লিষ্ট কমিটির সভাপতি, সদস্য-সচিবসহ দায়িত্বশীলদের নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদফতর।